অরণ্য, অলৌকিকতা ও অমর বিশ্বাসের কাহিনি: শ্রীশ্রী চিত্তেশ্বরী মন্দির
পর্ব ৩ বরানগরের উদ্যানবাটী অঞ্চল থেকে অতি দূরে নয়, কাশিপুর ও চিৎপুরের সংযোগস্থলে খগেন চ্যাটার্জী রোডের এক নিভৃত কোণে আজও নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত দলিল হল শ্রীশ্রী চিত্তেশ্বরী মন্দির। চারপাশের আধুনিক কোলাহলের মাঝেও এই মন্দির যেন সময়ের স্রোত পেরিয়ে এসে দাঁড়িয়ে থাকা এক আধ্যাত্মিক দ্বীপ, যেখানে বিশ্বাস, লোককথা ও সাধনার অদৃশ্য সুতোয় আজও গাঁথা রয়েছে শতাব্দীর পর শতাব্দীর স্মৃতি। চিত্তেশ্বরী নামটির মধ্যেই লুকিয়ে আছে রহস্য ও কৌতূহল। লোকমুখে শোনা যায় নানা ব্যাখ্যা। কেউ বলেন, চিতে নামের এক দুর্ধর্ষ ডাকাতের নামেই দেবীর এই নামকরণ। আবার কারও মতে, চিৎপুর অঞ্চলের নাম থেকেই দেবীর নামের উৎপত্তি। সত্যের নির্দিষ্ট পথ হয়তো ইতিহাসের ধূলায় ঢাকা পড়েছে, কিন্তু জনশ্রুতি ও বিশ্বাস মিলেমিশে দেবীর নামকে আজও জীবন্ত রেখেছে। যে সময়ের কথা বলা হচ্ছে, তখনকার চিৎপুর আজকের মতো জনবহুল ছিল না। বিস্তীর্ণ অরণ্য, গহিন জঙ্গল আর অজানা আতঙ্কে মোড়া ছিল এই অঞ্চল। হিংস্র জন্তু আর ডাকাতের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন ছিল দুর্বিষহ। এই অরণ্যের মধ্যেই বাস করত এক ভয়ংকর চিতে ডাকাত। তার নিষ্ঠুরতার ...